Sylhet Today 24 PRINT

ধলেশ্বরীতে নিখোঁজ দুই ছাত্রের লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৯

ঢাকার সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন ছাত্রের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে ঘটনাস্থলের কাছে ব্যাংকটাউন ব্রিজের পূর্ব পাশে পাগলার মোড় থেকে ১৮ বছর বয়সী তৌসিফ আহমেদ আকাশের লাশ উদ্ধার করেন তারা।

আকাশ ব্যাংক টাউন পশ্চিম পাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে।

পরে ঘটনাস্থল থেকে ৬ কিলোমিটার দূরে টুণ্ডা ব্রিজের নিচে তার সহপাঠী মেহেদী হাসানের (১৭) লাশ ভেসে ওঠে।

তারা ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তাদের আরেক বন্ধু রাজন (১৭) এখনও নিখোঁজ রয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ধলেশ্বরীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই তিন বন্ধু। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি শুরু করলেও প্রতিকূল আবহাওয়া এবং নদীতে প্রবল স্রোতের কারণে শনিবার সন্ধ্যার পর উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়।

রোববার সকাল ৭টা থেকে ফায়ার সার্ভিস আবার উদ্ধার কাজ শুরুর করে। এরপর এক পর্যায়ে আকাশের এবং পরে মেহেদীর লাশ পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

তিনি বলেন, নিখোঁজ রাজনের (১৭) সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরিরা ট্রলার নিয়ে ঘটনাস্থল থেকে এক-দেড় কিলোমিটার ভাটির দিকে তল্লাশি চালাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.