Sylhet Today 24 PRINT

ইছামতী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ২৯ জুলাই, ২০১৯

ভারত সীমান্তবর্তী বেনাপোলের দৌলতপুর সীমান্তের চরের মাঠ এলাকার ইছামতী নদী থেকে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত যুবকের নাম ইশারত (২৮)। তিনি বেনাপোল পৌরসভার ভবেরবেড় গ্রামের আয়ুব আলীর ছেলে।

ইশারতের পরিবার সূত্র জানায়, সে বাড়ি থেকে রাগারাগি করে তিন দিন আগে নিখোঁজ হয়। সে একজন মৃগী রোগী। এরপর অনেক খোঁজাখুঁজির পর তার লাশ ভারত সীমান্তবর্তী বেনাপোলের দৌলতপুর সীমান্তের চরের মাঠে ইছামতী নদীতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

এলাকার একটি সূত্র দাবি করে বলেছে, ইশারত একজন চোরাচালানি। সে ও তার ভাই ইমারত এবং তাদের কয়েকজন সহযোগী গত তিন দিন আগে ভারত যায় ভারতীয় পণ্য আনতে। এরপর ভারত থেকে ফেরার সময় ইছামতী নদী পার হওয়ার পার ইশারতকে আর পাওয়া যায়নি। তবে ইশারতের মৃগী রোগ ছিল। এরপর ইশারতকে বিগত তিন দিন খোঁজাখুঁজির পর ইছামতী নদীতে ভেসে উঠা লাশ পাওয়া যায়।

লাশ উদ্ধারের সময় তার নাকে ও গালে রক্ত ছিল এবং গাল-মুখ ফুলা অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে।

দৌলতপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মুজিবর বলেন, গত দুই দিন যাবত ইশারতের পরিবার আমাদের কাছে অভিযোগ করে ইশারতকে পাওয়া যাচ্ছে না। সেই থেকে তার পরিবারের লোকজন সীমান্তের ইছামতী নদীতে লাশ খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ সকালে তার লাশটি ইছামতী নদীতে ভাসতে দেখে। এরপর বিজিবিকে খবর দিলে বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়।

বেনাপোল পোর্ট থানার এএসআই নাছির উদ্দিন বলেন, লাশ উদ্ধারের সময় তার গালে মুখে রক্ত দেখতে পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাবে না, সে কিভাবে মারা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.