Sylhet Today 24 PRINT

নাতনিকে ধর্ষণের দায়ে দাদার কারাদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৯

সিরাজগঞ্জ পৌর এলাকায় নাতনিকে ধর্ষণের দায়ে দাদাকে (৭০) সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আসামির উপস্থিতিতে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই আদেশ দেন।

একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামির বাড়ি সিরাজগঞ্জের পৌর এলাকায়।

আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি শেখ আবদুল হামিদ লাবলু জানান, আসামি তাঁর ছেলের পরিবারসহ একই বাড়িতে বসবাস করতেন। ২০১৭ সালের ১৯ আগস্ট দুপুরে পাঁচ বছর বয়সী নাতনিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন ওই ব্যক্তি। এ সময় শিশুটি কান্নাকাটি করে তার দাদার ঘর থেকে বের হয়ে এসে ঘটনাটি তার মাকে বলে। মা শিশুটিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক পরীক্ষা করা হয়।

এ ঘটনার পরের দিন শিশুটির মা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন।

মেডিকেল বোর্ড শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.