সিলেটটুডে ডেস্ক | ০৬ আগস্ট, ২০১৯
দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রবিউল ইসলাম (১৭) নামে এক কিশোর মারা গেছে।
মঙ্গলবার (৬ আগস্ট) ভোরে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এর আগে ৩০ জুলাই সে ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়।
রবিউল ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের নয়ন ইসলামের ছেলে।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, এই হাসপাতালে বর্তমানে ৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৬ জন। তবে যারা চিকিৎসাধীন আছেন তারা সবাই ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এসেছেন।
দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আবু মো. খাইরুল কবির জানান, রবিউলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছিল। এখন পর্যন্ত আর কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই।