Sylhet Today 24 PRINT

বগুড়ায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০১৯

বগুড়ার শেরপুরে দুদল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে দুই সন্ত্রাসী মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপাশে ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে একটি ওয়ান শুটার গান, একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ (বন্দুকের গুলি) পাওয়া গেছে।

নিহতরা হলেন- গাইবান্ধা সদরের কাঁচদহ গ্রামের মন্টু সরকারের ছেলে ডাকাত ধনেশ ওরফে সুকুমার সরকার (৩৮) ও নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের রজব আলীর ছেলে সর্বহারা আফজাল হোসেন (৫৫)।

বুধবার (৭ আগস্ট) সকালে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপামের ব্রিজের ওপর দুই দল সন্ত্রাসীর গুলিবিনিময় চলছিল। এ সংবাদ পেয়ে তিনি, শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, শেরপুর থানার ওসি হুমায়ুন কবির ও টহল পুলিশের দল ঘটনাস্থলে যান। সেখানে ধনেশ ওরফে সুকুমার সরকার ও আফজাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের লাশ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি ওয়ান শুটার গান, একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ (বন্দুকের গুলি) পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী আরও জানান, ‘বন্দুকযুদ্ধে’ নিহতদের মধ্যে ধনেশ ওরফে সুকুমার সরকার পেশাদার ডাকাত এবং আফজাল হোসেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন থানায় আফজালের নামে ২০টি ও ধনেশের নামে ১১টি মামলার খোঁজ পাওয়া গেছে।

এ ব্যাপারে বগুড়ার শেরপুর থানায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.