Sylhet Today 24 PRINT

কাভার্ডভ্যান চাপায় দুই শ্রমিকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০১৯

গাজীপুরের চন্দ্রায় সিমেন্ট কারখানার কংক্রিট মিক্সচারের কাভার্ডভ্যান চাপায় অটোরিকশায় আরোহী দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন ওয়ালটন কারখানার শ্রমিক নজরুল ইসলাম ও জারজিদ হোসেন। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মুজিবুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে অটোরিকশায় চড়ে চন্দ্রার দিকে যাচ্ছিলেন ওয়ালটন কারখানার দুই শ্রমিক নজরুল ও জারজিদ। এ সময় শাহ সিমেন্টের একটি কংক্রিট মিক্সচার কাভার্ডভ্যান অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নজরুল ও জারজিদ মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি মুজিবুর।

তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদনসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.