Sylhet Today 24 PRINT

সংসদ সদস্যের গ্যারেজে খুন

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কালু শাহ মাজার এলাকায় ‘দিদারুল আলম ব্রাদার্স’ নামের একটি গ্যারেজের মধ্যে শাহজাহান প্রকাশ সাজু (৪৮) নামে এক প্রাইম মুভার চালককে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। গ্যারেজটির মালিক চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা এই তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার সন্ধ্যায় কালু শাহ মাজার এলাকায় সংসদ সদস্যের মালিকানাধীন গ্যারেজ-শ্রমিকের আঘাতে সাজু গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, তাকে গুলি করে নাকি পেটে রড ঢুকিয়ে হত্যা করা হয় সেটি আমরা নিশ্চিত নই।

এই ঘটনায় ওই গ্যারেজে কর্মরত মাসুদ নামে এক শ্রমিককে সন্দেহ করা হচ্ছে বলেও জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা।

তিনি জানান, মাসুদ কালু শাহ মাজার সংলগ্ন সলিমপুর ইউনিয়নের বাসিন্দা আবুল কালামের ছেলে। গুরুতর আহতাবস্থায় মাসুদই সাজুকে হাসপাতালে নিয়ে যান। পরে সাজুকে মৃত ঘোষণার পর মাসুদ কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। এ কারণে মাসুদ এই ঘটনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, নিহত সাজু নোয়াখালী জেলার সেনবাগ থানার বাসিন্দা সরুজ মিয়ার ছেলে। তিনি কালু শাহ মাজার সংলগ্ন এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.