Sylhet Today 24 PRINT

গাজীপুরে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৯

গাজীপুরের শ্রীপুরে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাওনা-চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়াল সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার গোপীনাথপুর গ্রামের ইউনুছ আলী ছেলে লুৎফর রহমান (২৮) ও কুড়িগ্রাম জেলার পাইকপাড়া কৃষ্ণপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে নাজমুস সাকিব (৩৫)।

তাদের মধ্যে লুৎফর ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকায় থেকে পাখির ফিডের ব্যবসা করতেন এবং নাজমুস একই এলাকায় থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।

শ্রীপুর থানার এসআই মো. মঞ্জুরুল ইসলাম বলেন, মাওনা চৌরাস্তা এলাকায় উড়ালসেতুর পাশে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নাজমুস ঘটনাস্থলেই নিহত এবং লুৎফর আহত হন।পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক লুৎফরকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায় বলে জানান এসআই।

শ্রীপুর থানার ওসি মো. লিয়াকত আলী জানান, পরিবারের আবেদনে লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.