Sylhet Today 24 PRINT

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ ২০ মামলার আসামি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৯

খুলনার ডুমুরিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২০ মামলার এক আসামি নিহত হয়েছেন।

বুধবার রাত ১টার দিকে উপজেলায় ধানিবুনিয়া এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

নিহত বিকাশ কুমার দে (৪০) ডুমুরিয়া উপজেলার কৈয়া বাজার এলাকার বীরেণ দের ছেলে।

র‌্যাব জানায়, বিকাশের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে থানায় ২০টি মামলা রয়েছে।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর আশরাফ জানান, ‌একদল মাদককারবারি ঘটনাস্থলে অবস্থান করছে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়। এ সময় মাদক কারবারিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায়ে বিকাশকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন।

এছাড়া ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল, ছয়টি গুলি, ৫৫ বোতল ফেন্সিডিল ও প্রায় ২০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে মেজর আশরাফ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.