Sylhet Today 24 PRINT

ফু-ওয়াং ক্লাবে ৭ লাখ টাকাসহ মদ-সিগারেট জব্দ, আটক ৩

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৯

রাজধানীর গুলশান লিংক রোডের ফু-ওয়াং ক্লাব থেকে অবৈধভাবে আনা মদ, বিয়ার ও আমদানি নিষিদ্ধ সিগারেট ও সাত লাখ টাকা জব্দ করেছে র‌্যাব। এ সময় ক্লাবের ম্যানেজারসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার রাতভর ক্লাবটিতে র‍্যাবের অভিযান চলে। বৃহস্পতিবার সকালে অভিযান শেষ হয়।

অভিযান শেষে র‌্যাবের পরিচালক (মিডিয়া) লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, ক্লাবটি থেকে ১০ হাজার ক্যান বিদেশি বিয়ার, ২ হাজার বোতল বিদেশি মদ এবং বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে। এগুলো বেশির ভাগই অনুমোদনহীন। সাধারণত নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের মদ আনার অনুমোদন থাকে। জব্দ করা মদ সেই তালিকায় নেই।

র‌্যাবের পরিচালক জানান, ফু ওয়াং ক্লাবের মালিক শেখ মনিরুল ইসলাম। অভিযানের সময় তাকে পাওয়া যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে।

সোমবার বিকেলে একই ক্লাবে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেছিলেন, জুয়া, ক্যাসিনো বা অবৈধ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কিছু ফু-ওয়াং ক্লাবে পাননি। ক্লাবের বারের বৈধ কাগজপত্র আছে।

অবৈধ ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে গত কিছুদিন ধরে অভিযান চাচ্ছে র‍্যাব ও পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.