Sylhet Today 24 PRINT

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির প্রতিনিধি দল ভারতে

বেনাপোল প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০১৯

বেনাপোল চেকপোস্ট দিয়ে সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল দুই দিনের সফরে ভারতে গেছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে অনুষ্ঠিতব্য সীমান্ত সম্মেলনের উদ্দেশ্যে প্রতিনিধি দলটি ভারতে যায়।

এ সময় বিজিবি প্রতিনিধি দলটি চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে ৬৪ ব্যাটালিয়ন বিএসএফ অধিনায়ক নিরোদ পাল তাদের ফুল দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। পরে নিরাপত্তা বেষ্টনী দিয়ে বৈঠকের উদ্দেশে নিয়ে যায়।

যশোর রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল জালাল গনি খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন রংপুরের রিজিওন কমান্ডার বেনজিন আহম্মেদ, রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম, খুলনা সেক্টর কমান্ডার আরশাদুজ্জামান খান, স্টাফ অফিসার লে. কর্নেল আহম্মেদ জুনায়েদ, লে. কর্নেল রাহাদ নেওয়াজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আরিফ আহম্মেদ ও পারুল দেওয়ান, স্টাফ অফিসার মেজর নাজিম উদ্দীন ও মেজর মফিজুর রহমান।

বিজিবি জানায়, ভারতের কলকাতায় ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হবে। ৬ অক্টোবর আলোচনা শেষে প্রতিনিধি দলটি আবার বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশ ফিরবে।

৪৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধ নিয়ে বৈঠক হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.