Sylhet Today 24 PRINT

নুসরাতের বাড়ির সামনে থেকে আটক এক

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০১৯

ফেনীর সোনাগাজীর নিহত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের বাড়ির সামনে থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ওই ব্যক্তিকে আটক করে সোনাগাজী মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তির নাম জসিম উদ্দিন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কুতুবখালী গ্রামে। গতকাল রাত দুইটার দিকে অসংলগ্ন কথাবার্তা বলার কারণে নুসরাতের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ে নুসরাতের বাড়িতে যান জসিম উদ্দিন। কিন্তু তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। এ জন্য তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, জসিম উদ্দিন মেন্টাল ডিসঅর্ডার (অপ্রকৃতিস্থ) বলে তার ভাই জানিয়েছেন। তার ভাই চট্টগ্রাম থেকে এলে জসিমকে তুলে দেওয়া হবে। আর অটোরিকশার চালককে নুসরাতের বড় ভাই ও স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান হত্যা মামলায় ১৬ আসামির সবাইকে ২৪ অক্টোবর বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

৬ এপ্রিল নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে মারা যান।

রায় ঘোষণার পর থেকে দুর্বৃত্তরা নুসরাতের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নুসরাতের বাড়িতে পুলিশ পাহারাও জোরদার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.