Sylhet Today 24 PRINT

বেনাপোলে দুই কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি |  ৩১ অক্টোবর, ২০১৯

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪৯ পিস সোনার বারসহ মোমিন চৌধুরী (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে বেনাপোল পৌর এলাকার সাদিপুর সীমান্তের বেলতলার মোড় থেকে এসব স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটক মোমিন বেনাপোল সাদিপুর গ্রামের হাসু চৌধুরীর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একজন পাচারকারী পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ স্বর্ণের বার নিয়ে সীমান্তের দিকে যাচ্ছে। এমন খবরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৩ কেজি ৮শ’ ৫০ গ্রাম, যার বাজার মূল্য আনুমানিক প্রায় দুই কোটি টাকা।

আটক আসামির নামে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে সেলিম রেজা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.