Sylhet Today 24 PRINT

জমি নিয়ে বিরোধের জেরে স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০১৯

জমিজমা নিয়ে বিরোধের জেরে পাবনার আটঘরিয়া উপজেলায় এক স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী (৪৫) উপজেলার একদন্ত ইউনিয়নের মহেশপুর গ্রামের আব্দুল প্রামাণিকের ছেলে।

তিনি ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের ছেলে হোসাইন জানান, জমি নিয়ে প্রতিবেশী আফজাল হোসেনের সঙ্গে তার বাবার বিরোধ চলছিলো। এ নিয়ে আজ সকালে বাড়ির পাশে মাঠে আফজালের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠি দিয়ে আশরাফ আলীকে বেধড়ক মারপিট করেন আফজাল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নিহতের স্বজন ও স্থানীয়রা থানায় খবর দেয়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.