Sylhet Today 24 PRINT

বেনাপোলে সবজিসহ নিত্যপণ্যের দাম উর্ধমুখী

বেনাপোল প্রতিনিধি |  ২৩ নভেম্বর, ২০১৯

যশোরের শার্শায় পেঁয়াজ ও সবজিসহ দিগুন দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্যের সামগ্রী। সবজিতেও স্বস্তি নেই ক্রেতাদের মাঝে।

শুক্রবার (২৩ নভেম্বর) যে পণ্য যে দামে বিক্রি হয়েছে পরদিন শনিবার সকালে সে পণ্য প্রকার ভেদে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হয়।

ক্রেতাদের অভিযোগ, নিত্যপণ্যের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা আদায় করছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা অজুহাত দাড়া করে বলছেন শ্রমিক ধর্মঘট থাকায় বাজারের এই অবস্থা।

শনিবার যশোরের শার্শা উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শুক্রবার শিম পাইকারীতে বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা যা ২৪ঘন্টার ব্যবধানে বিক্রি হয়েছে  ৬০ থেকে ৭০ টাকায়। বেগুন পাইকারীতে ৩৫ থেকে ৪০ টাকার পরিবর্তে বিক্রি হয়েছে ৫০ টাকায়, ফুলকপি ৪০ থেকে ৪৫ টাকার পরিবর্তে ৬৫ টাকা। একই ভাবে মুলা, উচ্চে, শসা, পাতাকপি, মিচুড়ি, লাউ, টমেটোসহ সব ধরনের শীতকালীন সবজিতে দাম বৃদ্ধিতে বাজারে ভয়াবহ অস্থিরতা সৃষ্টি হয়েছে।

মাছ, মাংসের দাম কিছুটা শিথিল থাকলেও চাউল, সয়াবিন তৈল এবং মসলা জাতীয় পণ্যসহ নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে।

এদিকে গত দুইদিন আগেও পেঁয়াজের কিছুটা দাম কমলেও এক দিনের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বেড়ে পাইকারিতেই ১শ' ৭০ থেকে ৮০ টাকা এবং নতুন আলু ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

বাজারে দামের ভারে বেশি নুইয়ে পড়েছে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের সাধারণ ক্রেতারা। কারণ নির্দিষ্ট আয়ের মধ্যেই সীমাবদ্ধ তাদের জীবন। সেক্ষেত্রে কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়া নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া এবং বাজারকে অস্থির করে তোলা কোনোভাবেই কাম্য নয়।

এখন শীতার্ত আবহাওয়া। বাজারে শীতকালীন সবজিতে ভরপুর। তারপরও এমন আকাশ ছোঁয়া দামের প্রতি সাধারণ মানুষ অস্বস্তি প্রকাশ করে বলেন, বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপণ্যের দাম শিথিল করার কোনো বিকল্প নেই। দ্রুত কর্তৃপক্ষ পদক্ষেপ না নিলে অসহায় হয়ে পড়বে নিম্ন আয়ের মানুষসহ সব শ্রেণি পেশার মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.