Sylhet Today 24 PRINT

রাজধানীতে কথিত বন্দুকযুদ্ধে ১৩ মামলার আসামি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৯

রাজধানীর খিলক্ষেতের স্বদেশ প্রোপার্টিজ এলাকায় র‍্যাবের বন্দুকযুদ্ধে মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪) নামে ১৩ মামলার এক আসামি নিহত হয়েছেন।

র‍্যাবের দাবি, নিহত ব্যক্তি অস্ত্র ও মাদক ব্যবসায়ী।

সোমবার (২৫ নভেম্বর) সকালে র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান এই তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১টার দিকে স্বদেশ প্রোপার্টিজ এলাকায় অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‍্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। একপর্যায়ে একজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, দু’টি শটগান, ১০টি কার্তুজ ও ৯০০ পিস ইয়াবা, দেড় হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও র‍্যাব দাবি করেছে।

নিহত মিন্টুর গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও মারামারিসহ ১৩ মামলা রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.