বেনাপোল প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০১৯
যশোরের বেনাপোলে মোজাহার এন্টারপ্রাইজের গরম মবিল বহনকারী ট্রাকের গরম মবিলে ৩ মোটরসাইকেল আরোহী দগ্ধ হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল বাজারের তালশারির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ৩ আরোহী হলেন- বেনাপোল পোর্টথানার সাদিপুর গ্রামের সুলতান আহম্মেদ বাবু মেম্বারের ছেলে শাকিব (২৪), একই গ্রামের চাঁদ মিয়া লেটোর ছেলে মিরাজ হোসেন (২২) ও নামাজ গ্রামের কামরুল ইসলামের ছেলে রাব্বি ইসলাম (২৫)।
দগ্ধ শাকিবের বাবা সুলতান আহম্মেদ বাবু জানান, তার ছেলে ও ছেলের অপর দুই বন্ধু বেনাপোল কাগজপুকুর বাজার থেকে বেনাপোল বাজারে আসছিল। এসময় বেনাপোল তালশারি মোড়ে মিলন চেয়ারম্যানের তেল পাম্পের সামনে আসলে মোজাহার এন্টারপ্রাইজের একটি গরম মবিলবাহী ট্রাক দ্রুতগতিতে এসে তালশারি মোড়ের বিটে জোরে ব্রেক মারে। এতে ট্রাকের ট্যাংকে থাকা মবিল গিয়ে পড়ে ৩ আরোহীর গায়ে। এসময় ট্রাকের মবিলের ট্যাংকের মুখ খোলা ছিল। এতে করে তারা ৩ জন মারাত্মকভাবে দগ্ধ হয়।
দগ্ধ ৩ জনকে তৎক্ষণাৎ স্থানীয়রা বেনাপোল বাজারের সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের ডা. মিন্টু রহমান (আরএমপি) জানান, দগ্ধ ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ গরম মবিলে ঝলসে গেছে। তাদের মধ্যে শাকিব ও রাব্বি অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর আড়াইশো শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।