Sylhet Today 24 PRINT

শাশুড়ি হত্যা: পুত্রবধূসহ ৪ জনের প্রাণদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০১৯

লক্ষ্মীপুরে জাকিয়া বেগম নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার দায়ে তার ছেলের বউসহ চারজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহেনুর এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- জাকিয়ার ছেলে বউ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বসন্তপুর এলাকার সেলিম মিয়ার মেয়ে শারমিন আক্তার (২৭), লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার আন্ধার মানিক গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে জসিম উদ্দিন (৩০), লক্ষ্মীপুর জেলার কালিবৃত্তি থানার চন্দ্রগঞ্জ এলাকার আবুল কালামের ছেলে জামাল হোসেন (২৮) ও চাঁদপুর জেলার বাখরপুর উপজেলার শাহজাহান খানের ছেলে নাজিম উদ্দিন (৩০)।

রায় ঘোষণার সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন না বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন জানান।

আসামিরা সবাই পলাতক রয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, সদর উপজেলার র্ধমপুর গ্রামের জাকিয়া বেগমের ছেলে আবুল কালামের স্ত্রী শারমিন জামাল হোসেনের পরকিয়ার সম্পর্কের জেরে ২০১৬ সালের ১৪ জুলাই শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় জামালসহ আরও দুইজন সহযোগিতা করেন তাকে। পরে এ ঘটনায় নিহতের ছোট ছেলে খোরশেদ আলম বাদী হয়ে শারমিনসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে লক্ষ্মীপুর সদর থানার তৎকালীন এসআই মোরশেদ আলম ২০১৭ সালের ২ জানুয়ারি অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.