সিলেটটুডে ডেস্ক | ২৭ নভেম্বর, ২০১৯
জাতীয় শ্রমিক ঐক্য পরিষদ ও শ্রমিক লীগের ডাকা আকস্মিক ধর্মঘটে রাজধানীর সদর ঘাট থেকে দক্ষিণ জনপদের সব গন্তব্যে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে গ্রিনলাইনের লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া আর কোনো লঞ্চ সকাল থেকে ছাড়েনি।
বিআডব্লিইউটিএ-এর পরিবহন পরিদর্শক মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের পেছনে মালিকদের উসকানি দেখছে।
ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, ১১ দফা দাবিতে ৩০ নভেম্বর থেকে আমাদের ধর্মঘট শুরু করার কর্মসূচি রয়েছে। মালিকদের উসকানিতে তাদের পৃষ্ঠপোষক শ্রমিকরা আমাদের ধর্মঘটকে নষ্ট করার জন্য এই ধর্মঘট ডেকেছে।
অন্যদিকে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সদস্য মোহাম্মদ রিন্টু বলেন, জাতীয় শ্রমিক ফেডারেশন বারবার অহেতুক ধর্মঘট ডাকে। তাই আমাদের সভাপতি বিদেশ থেকে এলে এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেব। এখন যারা ধর্মঘট ডেকেছে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।
বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান মাহবুব উল আলম জানান, সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যাচ্ছে না। দেশের অন্যান্য স্থান থেকে লঞ্চ শ্রমিকদের কর্মবিরতির কোনো খবর তার জানা নেই।
নিয়োগপত্র, ভাতা, চাঁদাবাজি বন্ধ করাসহ ১১ দফা দাবিতে গত জুলাই মাসে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছিল বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন। পরে নৌ অধিদপ্তরের মহা পরিচালকের সঙ্গে বৈঠক করে সংগঠন দুটি সেই কর্মসূচি স্থগিত করে।