Sylhet Today 24 PRINT

আজীবন সংগ্রামী মাওলানা তর্কবাগীশের জন্মবার্ষিকী আজ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৯

আওয়ামী লীগের সাবেক সভাপতি, ভাষা সৈনিক ও সলঙ্গা বিদ্রোহের নেতা মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশের জন্মবার্ষিকী আজ।

১৯০০ সালের ২৭ নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার তারুটিয়া গ্রামে এক পীরবংশে জন্মগ্রহণ করেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। তার পিতা আবু ইসহাক একজন সমাজকর্মী ও মা আজিজুন্নেছা ছিলেন একজন গৃহিণী। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ ছিলেন আজীবন সংগ্রামী মানুষ।

১৯২২ সালের ২৭ জানুয়ারি তার নেতৃত্বে বিলেতি পণ্য বর্জন আন্দোলনে সলঙ্গা হাটে ব্রিটিশ পুলিশের গুলিতে প্রায় সাড়ে ৪ হাজার লোক হতাহত হয়। ১৯৫২ সালে তার নেতৃত্বে ভাষা আন্দোলন হয়। ১৯৫৫ সালের ১২ আগস্ট পাকিস্তানের গণপরিষদে রাষ্ট্রীয় ভাষা বাংলার দাবিতে তিনিই প্রথম বাংলা ভাষায় বক্তব্য দেন। এ ছাড়া তিনি কৃষক আন্দোলন, খেলাফত আন্দোলন, তেভাগা আন্দোলনসহ দেশ ও জাতির ক্রান্তিকালে সকল মুক্তির আন্দোলনে সামনে থেকে জাতির অধিকার আদায়ে সচেষ্ট থেকেছেন।

মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ ১৯৮৬ সালের ২০ আগস্ট ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

এ মহান জাতীয় নেতার জন্মবার্ষিকী পালন উপলক্ষে রায়গঞ্জের নুরুন্নাহার তর্কবাগীশ বিশ্ববিদ্যালয় কলেজ, উল্লাপাড়া উপজেলার চড়িয়া মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ বিজ্ঞান মাদ্রাসা, পাটধারী মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ উচ্চ বিদ্যালয়, সলঙ্গা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগার, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.