Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০১৯

ঝিনাইদহের মহেশপুরে ‘রাস্তায় গাছ ফেলে ডাকাতিচেষ্টার সময়’ পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

সোমবার রাত ২টার দিকে উপজেলার কৃষ্ণচন্দ্রপুরে সড়কে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

নিহত শাহারুল ইসলাম খোকন মহেশপুরের জাগুসা গ্রামের আব্দুল হামিদের ছেলে। তার নামে ডাকাতির পাঁচটি মামলা রয়েছে বলে তথ্য দিয়েছে পুলিশ।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম বলেন, একদল ডাকাত রাতে কৃষ্ণচন্দ্রপুরে গাছ ফেলে কালীগঞ্জ-জীবননগর সড়কে ব্যারিকেড দেয় এবং যানবাহনে ডাকাতির চেষ্টা করে। পুলিশের একটি টহল দল সেখানে পৌঁছালে ডাকাতরা গুলি করে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। কিছু সময় বন্দুকযুদ্ধের পর ডাকাতরা পালিয়ে গেলে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় শাহারুলকে পড়ে থাকতে দেখা যায়।

গুলিবিদ্ধ শাহারুলকে মহেশপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি শাটারগান, এক রাউন্ড গুলি, একটি করাত ও চারটি রামদা উদ্ধার করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.