Sylhet Today 24 PRINT

১৯তম স্প্যান বসেছে পদ্মা সেতুতে

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৯

শরিয়তপুরের জাজিরা ও মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের মাঝখানে পদ্মাসেতুর ২১ ও ২২ নম্বর পিলারের উপর বসানো হয়েছে পদ্মা সেতুর ১৯তম স্প্যান।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর পৌনে দুইটার সময় বসানো হয় স্প্যানটি। ১৯তম স্প্যানটি স্থায়ীভাবে বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ২ হাজার ৮৫০ মিটার।

এর আগে সকাল সাড়ে ৮টায় দিকে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন স্প্যানটিকে ৩ হাজার ৬০০ টন ধারণক্ষমতার 'তিয়ান-ই' ভাসমান ক্রেনের মাধ্যমে ২১ ও ২২ নম্বর পিলারের কাছে নেওয়া হয়।

১৮তম স্প্যান বসানোর সাত দিনের মাথায় বসানো হলো ১৯তম স্প্যানটি।

পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ন কবীর জানান, নদী এখন অনেকটা শান্ত। নেই আগের মতো স্রোত। নদী শান্ত হওয়ায় সেতুর কাজে গতি এসেছে। গেল বর্ষা মৌসুমে ৪ মাসে বসানো হয়েছে মাত্র ১টি স্প্যান। সেখানে গত এক মাসেরও কম সময়ের ব্যবধানে বসানো হলো ৩টি স্প্যান।

তিনি আরও জানান, পদ্মা সেতুতে মোট ৪২টি পিলারের মধ্যে কাজ শেষ হয়েছে ৩৫টির। সেতুতে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব ও ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসবে। পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৩টি স্প্যান। এর মধ্যে ১৮টি স্প্যান স্থায়ীভাবে বসে গেছে। ৬ দশমিক ১৫ দৈর্ঘ্যের সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে।

চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.