Sylhet Today 24 PRINT

জ্বালানি তেল পরিমাণে কম দেয়ায় শার্শায় ৫ ফিলিং ষ্টেশনকে জরিমানা

শার্শা প্রতিনিধি |  ১৮ ডিসেম্বর, ২০১৯

যশোরের শার্শায় গ্রাহককে জ্বালানি তেল পরিমাণের থেকে কম দেয়ায় পাঁচটি ফিলিং ষ্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ফিলিং ষ্টেশন কর্তৃপক্ষের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত এ পাঁচটি ফিলিং ষ্টেশনকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন  শার্শা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।

এছাড়াও খুলনা বিএসটি আইয়ের পরিদর্শক আব্দুর রাকিবের উপস্থিতিতে ২০১৮ সালের ওজন ও পরিমাপ আইনে তাদেরকে জরিমানা করে পরে তা আদায় করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে শার্শা থানা পুলিশ।

জরিমানাকৃত ফিলিং ষ্টেশনগুলো হল, নাভারণ ফিলিং ষ্টেশন, শ্যামলাগাছির শ্যামলী ফিলিং ষ্টেশন, কাগজপুকুরের তানিয়া ফিলিং ষ্টেশন, বেনাপোলের শাহজালাল ফিলিং ষ্টেশন, তালশারির মিলন পেট্রোল পাম্প ও কাগজপুকুরের হক ফিলিং ষ্টেশন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন, গ্রাহককে জ্বালানি তেল পরিমাণের থেকে কম দেয়াটা আইনত অপরাধ। তাই ওজনে তেল কম দিয়ে বিক্রি করায় এ জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.