Sylhet Today 24 PRINT

শীত নিবারণ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৯

ঘরের ভেতর খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ভোমরাদহ গ্রামে ঘটনাটি ঘটেছে।

মারা যাওয়া বৃদ্ধার নাম মমিতা বেওয়া (৬৬)। তিনি ওই গ্রামের দিনমজুর মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।

গ্রামবাসীরা জানান, মমিতা বেওয়া গ্রামের রাস্তার পাশের একটি খড়ের চালার মাটির ঘরে একাই বাস করতেন। দিনের বেলায় বিভিন্ন বাড়িতে চেয়ে-চিন্তে খাবার জোগাড় করে সন্ধ্যার আগে ঘরে ঢুকে পড়তেন। এলাকায় শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় গতকাল সন্ধ্যার বেশ আগেই ঘরে ঢুকে পড়েন এবং প্রতিদিনের মত খড়কুটো জ্বালিয়ে আগুনের তাপ পোহাতে থাকেন।

সন্ধ্যা ছয়টার দিকে খড়ের আগুন থেকে মমিতা বেওয়ার ঘরে আগুন লেগে গেলে তিনি অগ্নিদগ্ধ হন। ঘরের চালে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা তাকে উদ্ধার করতে গিয়ে ব্যর্থ হন। ঘরের ভেতরে থাকা মমিতা বেওয়া আগুনে পুড়ে মারা যান।

ভোমরাদহ ইউপি চেয়ারম্যান মো. হিটলার হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.