Sylhet Today 24 PRINT

চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচন চলছে

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০২০

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

সোমবার (১৩ জানুয়ারি) শীতের জন্য সকাল ৮টার জায়গায় ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

রিটার্নিং অফিসার হাসানুজ্জামান একথা বলেন, সকাল ৯টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনও অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। আশা করছি শান্তিপূর্ণভাবে বিকাল ৫টায় ভোট শেষ হবে।

গত ৭ নভেম্বর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই ৮ আসনের সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদলের মৃত্যুর পর আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর ১ ডিসেম্বর এই আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ভোটকেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি রয়েছে। নগরীর চান্দগাঁওয়ের  একাধিক ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা করা করছেন সংশ্লিষ্টরা।

নিবার্চনে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ, ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। টেলিভিশন প্রতীকে বিএনএফের এস এম আবুল কালাম আজাদ, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ, কুড়েঘর প্রতীকে ন্যাপের বাপন দাশগুপ্ত ও আপেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল ৯টায় বিএনপি প্রার্থী আবু সুফিয়ান চান্দগাঁও আবাসিক বি ব্লকের অবস্থিত সিডিএ স্কুলে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী।

চট্টগ্রামে বোয়ালখালী উপজেলা, মহানগরীর চান্দগাঁও ও বায়েজিদের কিছু অংশ নিয়ে চট্টগ্রাম-৮ আসন গঠিত। এই আসনে চার লাখ ৭৪ হাজার ৪৮৫ জন ভোটার আছেন। এর মধ্যে দুই লাখ ৪১ হাজার ১৯৮ জন পুরুষ এবং দুই লাখ ৩৩ হাজার ২৮৭ জন নারী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.