Sylhet Today 24 PRINT

রাজধানীতে লরির চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০২০

রাজধানী ঢাকার ওয়ারীর বলধা গার্ডেনের কাছে ওয়াসার লরির ধাক্কায় আবীর নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে এবারের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

আবীর ওয়ারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ঘটনার পর স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সেখানে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বলধা গার্ডেনের পাশে ওয়াসার পানির পাম্প থেকে পানি নিয়ে লরিটি মূল সড়কে উঠছিল। এ সময় সেখানে আবীরকে চাপা দেয় লরিটি। স্থানীয় লোকজন আবীরকে একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগরের ওয়ারী ট্রাফিক জোনের সহকারী কমিশনার তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

লরির চালককে আটক করা হয়েছে বলেও ওই কর্মকর্তা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.