Sylhet Today 24 PRINT

শ্রমিক লীগ নেতা শুক্কুর মাহমুদ মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০২০

আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি শুক্কুর মাহমুদ মারা গেছেন।

সোমবার রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের বন্দরের বাসায় তার মৃত্যু হয়।

শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, শ্বাসকষ্ট হওয়ায় সোমবার তাকে হাসপাতালে নেওয়া হয়। এনজিওগ্রাম পরীক্ষা শেষে তিনি বাসায় চলে যান। পরে রাত দেড়টার দিকে বাসায়ই তিনি মারা যান।

শুক্কুর মাহমুদ বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সভাপতি ছিলেন।

তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ আছর ঢাকা বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা কদম রসুল দরগাহ শরিফে মরহুমের জানাজা শেষে নবীগঞ্জ বাগ-ই-জান্নাত কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

শুক্কুর মাহমুদের মৃত্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি শুক্কুর মাহমুদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.