Sylhet Today 24 PRINT

পাবনায় ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০২০

পাবনার আতাইকুলা থানা এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ছয়টায় মধুপুর গ্রামে পাবনা-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হতাহত লোকজনের সবাই মিনি ট্রাকে ছিলেন।

নিহত দুজন হলেন- আতাইকুলা থানা এলাকার ভবানীপুর গ্রামের আবদুল হামিদ (৪০) ও মধুপুর গ্রামের বাবু হোসেন (৫০)।

আহত তিনজন হলেন—শরিফউদ্দিন, আবদুল লতিফ ও নাজির হোসেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস পাবনা স্টেশনের সহকারী পরিচালক দুলাল মিয়া জানান, হতাহত ব্যক্তিরা দৈনিক পণ্য কেনাবেচা করতেন। আজ সকালে তারা পণ্য কেনার জন্য মিনি ট্রাকে করে পাবনা সদর উপজেলার পাইকারি বাজার হাজির হাটে যাচ্ছিলেন। পথে উল্টো দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আবদুল হামিদ মারা যান।

আহত অন্য ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর বাবু হোসেন মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.