Sylhet Today 24 PRINT

বগুড়ায় দুই দল সন্ত্রাসীর ‘গোলাগুলিতে’ নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ১০ মার্চ, ২০২০

বগুড়ায় দুই সন্ত্রাসী দলের ‘গোলাগুলিতে’ কবির হোসেন মিনকো (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

সোমবার (৯ মার্চ) রাতে শহরের মালতিনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

মিনকোর বিরুদ্ধে ৬টি হত্যা ও চাঁদাবাজিসহ অন্তত ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকালে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী এর সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

পুলিশ জনায়, মিনকো বগুড়া শহরের চকফরিদ কলোনির আজিজুল হকের ছেলে। গত বছরের জানুয়ারিতে সে অস্ত্রসহ গ্রেপ্তার হয়ে কিছুদিন জেলে ছিল। ৪-৫ মাস আগে জামিনে ছাড়া পেয়ে আবারও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে মিনকো। তার অত্যাচারে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। এসব ঘটনায় সদর ও শাজাহানপুর থানায় ৬টি জিডি হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, বগুড়া শহরের মালতিনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় সোমবার রাত দেড়টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি চলছিল। খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সদর থানার ওসি এসএম বদিউজ্জামান, ডিবি পুলিশের ইন্সপেক্টর আসলাম আলী ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। তারা সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিশ্চিত হওয়া যায়, লাশটি শীর্ষ সন্ত্রাসী কবির হোসেন মিনকোর। ঘটনাস্থলে ৮ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার, একটি ওয়ার শুটার গান, একটি বড় চাপাতি ও একটি বার্মিজ চাকু পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, এ ঘটনায় সদর থানায় হত্যা ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মিনকোর লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.