খাগড়াছড়ি সংবাদদাতা | ১৬ মার্চ, ২০২০
দীঘিনালায় বাবুছড়া ৭ বিজিবি’র উদ্যোগে শিক্ষা সহায়ক উপকরণ (স্কুল ড্রেস) বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকালে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ (স্কুল ড্রেস) বিতরণ করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক পিএসসি সিগন্যাল।
এসময় তিনি বলেন “শিক্ষার আলো শুধু নিজেদের জন্য নয়, বরং তা সবার মাঝে ছড়িয়ে দেয়ার মধ্য দিয়েই পূর্ণতা আসে। মেধাবী ছাত্র ছাত্রীরা আমাদের এলাকার গর্ব। কিন্তু জীবনের প্রতিটি অধ্যায়ে এ সব শিক্ষার্থী বিভিন্ন ধরনের অবহেলা আর লাঞ্ছনার শিকার। পর্যাপ্ত সুযোগ থাকার পরও দেশের সরকার ও বিত্তবানদের সুদৃষ্টির অভাবে এরা বরাবরই শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে।
বিজিবি দরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষ এবং মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে বলে জানান তিনি।