Sylhet Today 24 PRINT

ছিনতাইকারীর হামলায় সিলেটের নারীর মৃত্যু: আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মার্চ, ২০২০

রাজধানীর মুগদা এলাকায় ছিনতাইকারী চক্রের আক্রমণে গত ২৯ ফেব্রুয়ারি ভোরে রিকশা থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছিলেন সিলেটের নারী তারিনা বেগম লিপা। ওই ঘটনায় জড়িত ছিনতাইকারী মনা রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মারা গেছেন।

রোববার (১৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) সাদেকুল ইলসাম বলেন, খবর পেয়ে খিলগাঁও নাগদারপাড় ব্রিজের পাশে একটি ফাঁকা জায়গায় গিয়ে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোর সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

এদিকে ডিবি পুলিশ জানিয়েছে রাজধানীর মুগদা এলাকায় ছিনতাইয়ের সময় নারী হত্যার ঘটনায় জড়িত চারজনকে শনিবার (১৪ মার্চ) গ্রেপ্তার করা সম্ভব হলেও, পলাতক ছিলেন মনা। মনার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে।

ডিবি পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইয়ের প্রস্তুতির সময় তারা অভিযান চালায়। অভিযানের সময় ছিনতাইকারী দল ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে ওই ছিনতাইকারী মনার মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.