Sylhet Today 24 PRINT

লকডাউন খুলনা জেলা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০২০

ছবি: প্রতীকী

খুলনা জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন। বুধবার রাতে তিনি এ তথ্য জানান।

এরআগে জেলা ম্যাজিস্ট্রেটের এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা জেলা প্রশাসনের অনুমতি ছাড়া খুলনা জেলায় সকল ধরনের যানবাহন প্রবেশ ও বাহির হওয়া বন্ধ থাকবে। তবে চিকিৎসা সংশ্লিষ্ট, অত্যাবশ্যকীয় পণ্য ও সেবা (যেমন খাদ্যদ্রব্য, কৃষিপণ্য ও সেচ সরঞ্জাম, জ্বালানি তেল ইত্যাদি) এর আওতা বহির্ভূত থাকবে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, হিসাবরক্ষণ অফিস এবং সংশ্লিষ্ট অফিস এর আওতামুক্ত থাকবে। ক্লিনিক, হাসপাতাল, ওষুধের দোকান ছাড়া অত্যাবশ্যকীয় পণ্যের দোকান, বাজার প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাত পৌনে ১১টায় মোবাইল ফোনে জেলা ম্যাজিস্ট্রেট মো. হেলাল হোসেন জানান, খুলনা জেলায় কোনো যানবাহন ঢুকতে পারবে না এবং খুলনা জেলা থেকে কোনো যানবাহন বাইরে যেতে পারবে না। এর আগে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেটিই মূলত 'লকডাউন'। জরুরি প্রয়োজনে ব্যাংক ও বাজারসহ ঘরের বাইরে যাওয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.