Sylhet Today 24 PRINT

করোনামুক্ত হলেন নওগাঁর সাংসদ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মে, ২০২০

করোনাভাইরাসমুক্ত হলেন নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার।

শুক্রবার দ্বিতীয় টেস্টে তার করোনা 'নেগেটিভ' এসেছে।

শনিবার (১৬ মে) সকালে সাংসদ শহীদুজ্জামানের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সাংসদ শহীদুজ্জামান সরকারের শরীরে ১ মে করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে তিনি ঢাকায় তার জন্য বরাদ্দ ন্যাম ভবনের ফ্ল্যাটে অবস্থান করছেন। তিনি ওই বাসাতে থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ হলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার শরীরে জটিল কোনো উপসর্গ দেখা দেয়নি।

সাংসদের ব্যক্তিগত সহকারী রানা মাহমুদ শুক্রবার রাতে তার ফেসবুক অ্যাকাউন্টে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষার ফলাফলের ছবি দিয়ে স্ট্যাটাস দেন।

তিনি লিখেন, 'পরপর দ্বিতীয় টেস্টে সাংসদ শহীদুজ্জামান সরকারের শরীরে করোনা নেগেটিভ এসেছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং তিনি তার ঢাকার বাসাতেই অবস্থান করছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আরও ১৪ দিন সঙ্গনিরোধ (কোয়ারেন্টিন) অবস্থায় থাকতে হবে। সাংসদ শহীদুজ্জামান ও তার পরিবারের সদস্যরা এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সাংসদ শহীদুজ্জামানের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর তার সংস্পর্শে যাওয়া পরিবারের সদস্য, নওগাঁর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা–কর্মীদের নমুনা পরীক্ষা করা হয়। তবে তাদের কারো শরীরেই করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.