Sylhet Today 24 PRINT

সিলেটে উপসর্গ নিয়ে মারা যাওয়া সাবেক সিভিল সার্জন করোনা আক্রান্ত ছিলেন

নিজস্ব প্রতিবেদক |  ২৩ মে, ২০২০

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তিনি সিলেট নগরীর উপশহরের বাসিন্দা ছিলেন।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাবেক সিভিল সার্জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়।

এর আগে শুক্রবার (২২ মে) রাত ৯টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর স্বাস্থ্য বিধি মেনে রাত ১টায় নগরীর মানিকপীর টিলায় তাকে দাফন করা হয়।

কোডিভ-১৯ এর উপসর্গ নিয়ে গতকাল শুক্রবার সকালে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। এরপর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। কিন্তু রিপোর্ট আসার আগেই রাত ৯টায় তিনি মৃত্যুবরণ করেন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, রাত ১টার দিকে স্বাস্থ্য বিধি মেনে সিটি করপোরেশনের উদ্যোগে ডা. এম এ মতিনের দাফন সম্পন্ন হয়। দাফন কাজে ইসলামী ফাউন্ডেশন সহযোগিতা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.