Sylhet Today 24 PRINT

করোনা আপডেট: ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৪৮০, মৃত ৩৮, সুস্থ ১৬৭৮

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুন, ২০২০

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা দেড় হাজার ছাড়াল। এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জনের।

সোমবার (২২ জুন) দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

নতুন মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৫ জন নারী।

ব্রিফিংয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৭৫৫ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর আগের দিন ১৫ হাজার ৭১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬ লাখ ২৭ হাজার ৭১৯টি নমুনা।

দেশে ৬২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবটি আবার চালু হবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, নিয়ম মেনে চলুন, মাস্ক পরুন। বাসায় সংক্রমিত কেউ থাকলে বাকি সবাই মাস্ক পরুন। বয়স্ক ব্যক্তিদের দিকে বেশি নজর রাখতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.