Sylhet Today 24 PRINT

করোনায় দেশে প্রথম বিচারকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০২০

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ মারা গেছেন।

বুধবার রাত আটটায় তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবর জানিয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের বলেছেন, করোনাভাইরাসে এটাই প্রথম কোনো বিচারকের মৃত্যু।

সাইফুর রহমান বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ফেরদৌস আহমেদ চার দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার রাত আটটায় তিনি মারা যান। বৃহস্পতিবার সকাল ১১ টায় জামালপুর শহরে মরহুমের জানাজা ও পরে সেখানেই তার দাফন হবে।

বিচারকের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক।

প্রধান বিচারপতি এক শোক বার্তায় বলেন, “ফেরদৌস আহমেদ ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকাজ পরিচালনা এবং দায়িত্ব পালনের সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

“তিনি করোনাভাইরাস সৃষ্ট মহামারীর সময়েও জনগণের সাংবিধানিক অধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে গেছেন। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ফেরদৌস আহমেদ একজন অকুতোভয় সৈনিক ছিলেন।”

১৯৮৪ সালে বিচার বিভাগে মুন্সেফ (সহকারী জজ) হিসেবে যোগদান করেন ফেরদৌস আহমেদ। এরপর দীর্ঘ ৩৬ বছর নিষ্ঠার সাথে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেঝেন বলে বলা হয়েছে শোক বার্তায়।

ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনা ও দায়িত্ব পালনের মধ্যেও সারা দেশে মঙ্গলবার নাগাদ নিম্ন আদালতের ২৬ জন বিচারক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এছাড়া সর্বোচ্চ আদালতের ২৬ এবং নিম্ন আদালতের ৭১ জনসহ মোট ৯৭ জন আদালত কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.