Sylhet Today 24 PRINT

করোনায় সাংবাদিক আবদুল্লাহ এম হাসানের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুলাই, ২০২০

দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ হাসান আর নেই। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

৪ জুলাই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন আবদুল্লাহ মোহাম্মদ হাসান। এরপর পরীক্ষায় করোনা পজিটিভ এলে তাকে প্লাজমা দেওয়া হয়। করোনা ছাড়াও তার শরীরে বিভিন্ন জটিলতা ছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রধান প্রতিবেদক এস এম জাহাঙ্গীর জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

আবদুল্লাহ মোহাম্মদ হাসান ১৯৪৮ সালে রংপুর শহরে জন্মগ্রহণ করেন। প্রায় পাঁচ দশকের সাংবাদিকতা জীবনে তিনি বাংলাদেশ টাইমস, দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি সান, বাংলাদেশ টুডে, নিউ নেশন, দ্য টেলিগ্রাফসহ বিভিন্ন ইংরেজি সংবাদপত্রে কাজ করেছেন। প্রায় এক দশকেরও বেশি সময় তিনি দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদক ছিলেন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বিবৃতিতে বলেন, আবদুল্লাহ মোহাম্মদ হাসানের মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হলো। তারা মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.