Sylhet Today 24 PRINT

করোনার কাছে হেরে গেলেন কাস্টমস কর্মকর্তা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুলাই, ২০২০

২৮ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন সহকারী রাজস্ব কর্মকর্তা (কাস্টমস) কবির শিকদার।

শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে তিনি রাজধানীর ইমপালস হাসপাতালে মারা যান। তিনি ঢাকা কাস্টমস হাউসে কর্মরত ছিলেন।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মারুফ খান এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে কাস্টমস ও ভ্যাট বিভাগে করোনা আক্রান্ত হয়ে চারজন মারা গেলেন।

মারুফ খান বলেন, কবির শিকদারের আগে থেকে হার্ট, ফুসফুস ও কিডনিতে সমস্যা ছিল।

রোজার ঈদের আগে কবির শিকদার চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন। সেখান থেকে এসে কিছুদিন অফিস করেছেন। ওই সময় তার করোনার উপসর্গ দেখা দিলে আইসোলেশনে চলে যান। নমুনা পরীক্ষায় পজিটিভ আসার পর থেকে তিনি বাসায় ছিলেন। 

তিনি জানান, কবির শিকদারের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ১৯ জুন তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু’বার তাকে প্লাজমা দেওয়া হয়। প্লাজমা দেওয়ার পর শারীরিক কিছুটা উন্নতিও হয়। তবে সেখানকার ব্যয়সহ বেশ কিছু সমস্যার কারণে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন। পরে অভিভাবকদের অনুমতি নিয়ে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। শুক্রবার রাত ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কবির শিকদারের সহকর্মীরা জানান, ঢাকা কাস্টমস হাউসের আগে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে পোস্টিং ছিল তার।

কাস্টমস ও ভ্যাট বিভাগ সূত্র জানায়, কাস্টমস ও ভ্যাট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.