নিজস্ব প্রতিবেদক | ১৯ জুলাই, ২০২০
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৮৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ১৭৬ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে একই সময় দুইজনের মৃত্যু ঘটে।
রোববার (১৯ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে শনাক্ত ৮৪ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ২১ জন ও সুনামগঞ্জে ১৮ জন। হবিগঞ্জে ২৩ জন শনাক্তের রিপোর্ট পাওয়া যায়। মৌলভীবাজারে এই সময়ে ২২ জন করোনা রোগী শনাক্ত হন।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে সর্বাধিক ১৩৩ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ১৭ জন। হবিগঞ্জে করোনাকে জয় করেছেন ৭ জন। তবে মৌলভীবাজারে ১৯ জন রোগী সুস্থ হন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৬০২ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৩ হাজার ৪৩০ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ২৭৮ জন, হবিগঞ্জে ১০৫৫ জন ও মৌলভীবাজারে ৮৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ২০৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ২ হাজার ৭৩২ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১১৮ জন।