Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগে করোনা শনাক্ত ৭ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুলাই, ২০২০

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১৫৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ৭ হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৪৬ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে একই সময়ে ৩ জনের মৃত্যু ঘটে।

বুধবার (২২ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে শনাক্ত ১৫৬ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৯১ জন ও সুনামগঞ্জে ১৫ জন। হবিগঞ্জে ২২ জন শনাক্তের রিপোর্ট পাওয়া যায়। মৌলভীবাজারে এই সময়ে ২৮ জন করোনা রোগী শনাক্ত হন।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে মৌলভীবাজার সর্বাধিক ১৫ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ১২ জন। হবিগঞ্জে করোনাকে জয় করেছেন ৮ জন। তবে সুনামগঞ্জে ১১ জন রোগী সুস্থ হন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৩ হাজার ৭১৩ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৩৪৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯১ জন ও মৌলভীবাজারে ৮৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ২২৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ২ হাজার ৯০১ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ৮২৪ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.