Sylhet Today 24 PRINT

করোনা আপডেট: ২৪ ঘন্টায় শনাক্ত ২৮৫৬, মৃত ৫০, সুস্থ ২০০৬

নিজস্ব প্রতিবেদক  |  ২৩ জুলাই, ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যু বেড়েছে। নতুন করে ২ হাজার ৮৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ১৬ হাজার ১১০ জনের। গত ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু হয়েছে।এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৮০১ জন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, নতুন করে মারা যাওয়া ৫০ জনের মধ্যে পুরুষ ৪১ জন ও নারী ৯ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর আগের দিন ১২ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১০ লাখ ৭৯ হাজার ২৭টি নমুনা।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ ২ হাজার ৬ জন। এখন পর্যন্ত সুস্থ ১ লাখ ১৯ হাজার ২০৮ জন।

দেশে ৮০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, রোগপ্রতিরোধ করতে সতর্ক থাকুন, সচেতন থাকুন। নিজের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.