Sylhet Today 24 PRINT

আরও ৩৩ জনের প্রাণ কেড়ে নিল করোনা

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০২০

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী চারজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ২৮১ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ১৭৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ১২ হাজার ৯৯৬ জনে। একই সময়ে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৯৮০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ চার হাজার ৮৮৭ জনে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১২ হাজার ৮৯টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৪৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হলো ১৫ লাখ ৫০ হাজার ২০৩টি।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩২ জনের এবং বাড়িতে একজনের। এদের মধ্যে ২০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ২০ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ২১ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন এবং রংপুর বিভাগের ছিলেন একজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.