Sylhet Today 24 PRINT

২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু ১১৩৬, শনাক্ত প্রায় ৯৩ হাজার

করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০২০

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ১৩৬ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৭৯ হাজার ৭২২ জন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

একইসময়ে ভারতে গত ২৪ ঘণ্টায় ৯২ হাজার ৭১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৮ লাখ ৪৬ হাজার ৪২৭। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৮০ হাজার ১০৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৫১২ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, বিহার, উড়িষ্যা, আসাম ও গুজরাট।

বিজ্ঞাপন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৯ হাজার ৫৩১ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ৩৮১ জন, কর্ণাটকে ৭ হাজার ২৬৫ জন, অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৯১২ জন এবং দিল্লিতে ৪ হাজার ৭৪৪ জন।

করোনাভাইরাস মহামারিতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.