Sylhet Today 24 PRINT

ভারতে একদিনে সহস্রাধিক করোনা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০২০

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১ হাজার ৫৩ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৮৮ হাজার ৯৩৫ জন।

একই সময়ে আরও ৭৫ হাজার ৮৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এতে করে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫৫ লাখ ৬২ হাজার ৬৬৩ জনে দাঁড়াল।

এছাড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক লাখ এক হাজার ৪৬৮ জন। মোট সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৯৭ হাজার ৮৬৭ জন।

ভারতে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮৬ শতাংশ। তবে সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু, কর্ণাটক, উত্তর প্রদেশ ও দিল্লিতে। দেশটিতে মোট শনাক্ত ৫৫ লাখ ৬২ হাজার ৬৬৩ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন নয় লাখ ৭৫ হাজার ৮৬১ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নয় লাখ ৩৩ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ছয় কোটি ৫৩ লাখ ২৫ হাজার ৭৭৯টি নমুনা।

উল্লেখ্য, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৩ লাখ ২৮ হাজার ২৩৮ জন এবং মারা গেছেন নয় লাখ ৬৪ হাজার ৮৪৪ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ১৫ লাখ তিন হাজার ৪৯৬ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.