Sylhet Today 24 PRINT

সিলেটে ৭৫ রোগী সুস্থের দিনে ১৭ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক |  ০১ অক্টোবর, ২০২০

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৭৫ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে কারো মৃত্যু ঘটেনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে শনাক্ত ১৭ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৫ জন ও সুনামগঞ্জে ৭ জন। এছাড়া হবিগঞ্জে ২ জন শনাক্ত করা হয়েছে আর মৌলভীবাজারে ৩ জন শনাক্ত হন।

বিজ্ঞাপন

একই সময়ে সুস্থ হওয়া ৭৫ জন রোগীর মধ্যে একদিনে সর্বাধিক সিলেটে সুস্থ হয়েছেন ৪০ জন। সুনামগঞ্জে ৩৫ জন রোগী সুস্থ হয়েছেন। এদিন হবিগঞ্জ ও মৌলভীবাজারে করোনা থেকে সুস্থ হয়ে উঠেননি কোনো রোগী।

সিলেট বিভাগে বর্তমানে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১২ হাজার ৬৭০ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৮৭০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৪৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৫৩ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭০২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৬১ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১০ হাজার ৫২৬ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২১৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.