Sylhet Today 24 PRINT

চব্বিশ ঘণ্টায় সিলেটে ৪৬ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক |  ২৭ অক্টোবর, ২০২০

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন ৪৬ রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে ছিলেন এমন আরও ২২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। আর বিভাগে এ ২৪ ঘন্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে নতুন শনাক্ত ৪৬ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৩০ জন। এদিন বিভাগের অন্য দুই জেলা হবিগঞ্জ ৩ জন ও সুনামগঞ্জে নতুন করে আরও ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হওয়া ২২ জনের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৩ হাজার ৪৮৭ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ৫১০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪০০ জন, হবিগঞ্জে ১ হাজার ৮০৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় বর্তমানে ৬৫ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১১ হাজার ৯৯৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২২৬ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.