Sylhet Today 24 PRINT

দেশে আরও ১৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩২০

করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক |  ৩১ অক্টোবর, ২০২০

দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৩২০ জনের শরীরে। আর একদিনে করোনার সংক্রমন থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৪৪২ জন।

শনিবার (৩১ অক্টোবর) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৩২০ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জন।

আর দেশে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৪৪২ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্য দিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৯২৩ জনে দাঁড়াল। মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী। এরা সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৩ জন, চট্টগ্রামে ২ জন, খুলনায় ২ জন, সিলেটে ১ জন রয়েছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৬০ বছরের ওপরে ১১ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.