Sylhet Today 24 PRINT

চব্বিশ ঘণ্টায় সিলেটে মৃত্যু ২, শনাক্ত অর্ধশতাধীক

করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক |  ০২ নভেম্বর, ২০২০

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৫৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩৫ জন। আর এ সময়ে সিলেট বিভাগে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (২ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত ৫৪ জন রোগীর মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ৩৫ জন ও দ্বিতীয় সর্বোচ্চ হবিগঞ্জে ৮ জন। বিভাগের অন্য দুই জেলা মৌলভীবাজারে নতুন করে ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেও এদিন সুনামগঞ্জ  জেলায় কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হননি। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৩৫ রোগীর ২৮ জনই সিলেট জেলায় বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় একজন করে ও মৌলভীবাজার জেলায় ৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া গত২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজন রোগীর একজন সিলেটের ও অপরজন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

সিলেট বিভাগে বর্তমানে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৩ হাজার ৭৩৩ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ৭০৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪০৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৮২৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৫৫ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১২ হাজার ২২৪ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৩৩ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.