Sylhet Today 24 PRINT

করোনায় বিখ্যাত নির্মাতা কিম কি দুকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেছেন বিশ্বখ্যাত দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্র নির্মাতা কিম কি দুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

উত্তর-পূর্ব ইউরোপে বাল্টিক সাগরের পূর্ব তীরে লিথুয়ানিয়া ও এস্তোনিয়ার মধ্যস্থলে অবস্থিত লাতভিয়ার একটি হাসপাতালে শুক্রবার (১১ ডিসেম্বর) মৃত্যু হয় তার।

লাতভিয়ার ডেলফি নিউজ পোর্টালের এক সংবাদে বলা হয়, গত ২০ নভেম্বর নিজ দেশ দক্ষিণ কোরিয়া থেকে লাতভিয়ায় আসেন কিম কি দুক। উদ্দেশ্য ছিলো দেশটির রাজধানী রিগার সাগর তীরবর্তী এলাকায় একটি বাড়ি কেনা। কিন্তু বাড়ি কেনার নির্ধারিত মিটিংয়ের দিনে কিমের অনুপস্থিতি দেখে সহকর্মীরা চিন্তিত হয়ে পড়েন। তখন তারা কিম এর খোঁজ করতে শুরু করেন হাসপাতালগুলোতে। পরে জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন কিম। সেখানেই শুক্রবার তার মৃত্যু হয়। তবে লাতভিয়ায় অবস্থিত দক্ষিণ কোরিয়ার অ্যাম্বাসি থেকে কিমের মৃত্যু নিয়ে এখনও কিছু জানায়নি।

সমকালীন বিশ্ব চলচ্চিত্রে কিম কি দুক অন্যতম শীর্ষ নাম। বলা হয়ে থাকে বর্তমান সময়ে বিশ্বজুড়ে কোরিয়ান চলচ্চিত্রের যে দাপট তার শুরুটা হয়েছে কিম কি দুকের মতো নির্মাতাদের হাত ধরেই।

১৯৬০ সালের ২০ ডিসেম্বর জন্ম নেওয়া বিখ্যাত এই নির্মাতার প্রথম কাজ ‘ক্রোকোডাইল’। ‘ক্রোকোডাইল’ দিয়ে শুরু করে একে একে নির্মাণ করেছেন বেড গাই, দ্য কোস্ট গার্ড, থ্রি আইরন, সামারিটান গার্ল, দ্য বো, ড্রিম, আরিরাং, পিয়েতা, আমেন এর মতো আলোচিত সব চলচ্চিত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.