Sylhet Today 24 PRINT

এটিই শেষ নয়, আরও বড় মহামারি আসতে পারে: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০২০

বিশ্বজুড়ে করোনা মহামারির মারাত্মক প্রভাব পড়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, এটিই শেষ নয়, সামনে আরও বড় মহামারি আসতে পারে।

সেই দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে বিশ্বকে আরও আন্তরিক হতে সংস্থাটি আহ্বান জানিয়েছে।

চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সম্পর্কে জাতিসংঘের সংস্থাটির জানতে পারার এক বছর উপলক্ষে এর জরুরি বিষয়ক প্রধান মাইকেল রায়ান সোমবার সাংবাদিকদের বলেছেন, বর্তমান মহামারি একটি সতর্কবার্তা।

তিনি স্বীকার করেন, এই মহামারি খুবই মারাত্মক রূপ নিয়েছে। এটি খুব দ্রুত বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেছে। কিন্তু এটিই অনিবার্যভাবে শেষ নয়।

জোর দিয়ে বলেন, বর্তমান ভাইরাসটি খুবই ছোঁয়াচে এবং এর কারণে অনেক লোক মারাও যাচ্ছে। কিন্তু অন্য যে রোগগুলো আসছে তার তুলনায় এই ভাইরাসে মৃত্যুহার যুক্তিসংগতভাবে কম।

বিজ্ঞাপন

রায়ান বলেন, ভবিষ্যতে আরও মারাত্মক পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

ডব্লিউএইচও’র সিনিয়র উপদেষ্টা ব্রুস আইলওয়ার্ড সতর্ক করে বলেছেন, করোনা সংকট মোকাবিলায় বিশ্ব যথেষ্ট বৈজ্ঞানিক অগ্রগতি অর্জন করেছে। রেকর্ড গতিতে টিকাও তৈরি করেছে। কিন্তু ভবিষ্যতের মহামারিকে দূরে রাখতে এই অগ্রগতি এখনো অনেক সামান্য।

তবে এ প্রসঙ্গে সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস আশা প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতের হুমকি মোকাবিলায় প্রস্তুত হতে বর্তমান মহামারি আমাদের সাহায্য করবে। তবে বিষয়টিকে সত্যিকার অর্থে গুরুত্ব দিতে তিনি আহ্বান জানান।

করোনা মহামারিতে বিশ্বে এ পর্যন্ত প্রায় ১৮ লাখ লোক মারা গেছে এবং আক্রান্ত হয়েছে আট কোটিরও বেশি লোক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.